পঞ্চগড়ের সদর থানার একটি গ্রাম মীরগড়। এখানে ‘মীরগড় আদর্শ পাঠাগার’ নামে একটি পাঠাগার রয়েছে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। রেজিস্ট্রেশন নং ২৬৮/৮৬। যুদ্ধ পরবর্তী সময়ে এলাকার মানুষকে বইমুখি করার ক্ষেত্রে এর গুরুত্ব অনেক। আবার বর্তমান সময়েও মাদকসহ বিভিন্ন খারাপ কাজ থেকে বিশেষ করে যুবসমাজকে ফিরিয়ে আনতে পাঠাগারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত বলে আমরা মনে করি। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে যেসব বই-পত্রিকা থাকা উচিত—তার কিছুই পাঠাগারটিতে নেই। বইয়ের সংখ্যাও অতি নগন্য। আধুনিক কিংবা ভালো মানের বই নজরে পড়ে না। যা পাঠকদের জন্য পীড়াদায়ক। পাঠাগার পরিচালনা কমিটির নিয়মিত নির্বাচনসহ অন্য সব কাজ স্বাভাবিকভাবে চললেও নতুন বইয়ের কথা কয়েকবার কমিটিকে বলার পরেও এই সম্পর্কে কোনো পদক্ষেপ নেই, যা হতাশাজনক। পাঠাগারের এই সমস্যা সমাধানে শ্রদ্ধেয় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
টি এম বি মানসুর নাদিম
শিক্ষার্থী, দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট
