পরমাণু অস্ত্র যুদ্ধ থেকে বিরত রাখতে পারে: কিম

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৩২

রয়টার্স ও আলজাজিরা

বহির্বিশ্বের নিরবচ্ছিন্ন চাপ এবং সামরিক হুমকি সত্ত্বেও নিজেদের পারমাণবিক অস্ত্র দেশের সুরক্ষা এবং ভবিষ্যতের গ্যারান্টি হওয়ায় ‘আর কোনো যুদ্ধ হবে না’ বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে উত্তর কোরীয় নেতার এমন মন্তব্যের কথা উল্লেখ করা হয়েছে।

কেসিএনএ  বলেছে, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের অবসানের ৬৭তম বার্ষিকীর দিনে ২৭ জুলাই এক অনুষ্ঠানে অংশ নেন কিম জং উন। ঐ অনুষ্ঠানে কোরীয় যুদ্ধের প্রবীণ সৈনিকদের সংবর্ধনা দেন তিনি। ঐ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় কিম জং উন বলেন, আরেকটি সশস্ত্র সংঘাত ঠেকাতে ‘নিরঙ্কুশ শক্তি’ অর্জনের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়া। কিম বলেন, ‘সর্বোচ্চ শক্তির বিরুদ্ধে লড়তে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করেছি। আমরা এখন যে কোনো সাম্রাজ্যবাদী ও বৈরী শক্তির তীব্র চাপ এবং সামরিক হুমকির মুখে নিজেদের রক্ষা করতে সক্ষম।’ তিনি বলেন, ‘আমাদের বিশ্বস্ত এবং কার্যকর আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধকারীকে ধন্যবাদ। আর কোনো যুদ্ধ হবে না। আমাদের দেশের নিরাপত্তা এবং ভবিষ্যত্ আজীবনের জন্য সুদৃঢ় থাকবে।