নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মীর্জাগঞ্জের কারিগররা

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৪৮

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বর্ষা মৌসুম এলেই শুরু হয় তাদের এই ব্যস্ততা। সরজমিনে দেখা গেছে, উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত রামপুর গ্রামের নৌকা তৈরির কারিগর লক্ষন গাইন, নিখিল গাইন, কালু গাইনসহ অনেকেই এ শিল্পের ওপর নির্ভরশীল। বাড়ির পাশের সড়কে পরিবারের সবাই মিলে নৌকা তৈরি করছেন। তাদের নাওয়া-খাওয়ার ফুরসত নেই। মূলত তারা পেশায় কাঠ মিস্ত্রি। শুকনো মৌসুমের ছয় মাস গ্রামে কাঠ মিস্ত্রির কাজ করেন। বর্ষা মৌসুমে কাজ কমে গেলে নৌকা তৈরি করে জীবিকানির্বাহ করেন তারা। নৌকার কারিগর ভরত গাইন ও লালচান মিস্ত্রি জানান, বর্ষা মৌসুমে বেকার না থেকে আমরা নৌকা তৈরি করি। প্রতি সপ্তাহে শনিবার থেকে বুধবার পর্যন্ত দিন রাত পরিশ্রম করে প্রত্যেক পরিবার ৮/১০টি নৌকা তৈরি করে। বৃহস্পতিবার স্থানীয় শ্রীমন্ত নদীতে ভাসিয়ে সারিবদ্ধভাবে রশি দিয়ে বেঁধে নৌকা বেচার জন্য নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে। ঐ বাজারে বরিশাল, নলছিটি, বাকেরগঞ্জ, মির্জাগঞ্জ, দুমকী ও বাউফলসহ বিভিন্ন উপজেলার কৃষক ও জেলেরা নৌকা কিনতে আসেন। উপজেলার মাধবখালী ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার জানান, বর্ষা মৌসুমে খেতের বোরো ও ইরি ধান কাটার পর নৌকা ছাড়া বহন করা সম্ভব নয়। তাই এই শিল্পকে বাঁচাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সকলের সহযোগিতা প্রয়োজন।