বন্যায় ভূঞাপুরে উপস্বাস্থ্যকেন্দ্রসহ ১২ কমিউনিটি ক্লিনিক বন্ধ

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৪৮

চিকিত্সাসেবা ব্যাহত

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যার কারণে একটি উপস্বাস্থ্য কেন্দ্রসহ ১২টি চিকিত্সাসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। উপজেলার ছয়টি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করায় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে। গোবিন্দাসী ইউনিয়নে উপস্বাস্থ্যকেন্দ্র, অর্জুনা ইউনিয়নে তিনটি কমিউনিটি ক্লিনিক, গাবসারা ইউনিয়নে তিনটি, অলোয়া ইউনিয়নে চারটি, নিকরাইল ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক এবং গাবসারা ইউনিয়নে পরিবার পরিকল্পনার অস্থায়ী একটি কেন্দ্র বন্ধ হয়ে গেছে।

গোবিন্দাসী গ্রামের রহমত, খানুরবাড়ি গ্রামের হযরতসহ অনেকে বলেন, বন্যার পানিতে জীবনযাপন করতে হচ্ছে। এতে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় চিকিত্সা পাচ্ছি না। গোবিন্দাসী ইউনিয়নের উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিক্যাল অফিসার লাকী খাতুন বলেন, বন্যার পানি উঠায় বেশকিছু দিন ধরে স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সাসেবা বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়েছে। কিন্তু বিকল্প জায়গা না থাকায় চিকিত্সাসেবা দেওয়া যাচ্ছে না। গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, বন্যায় গাবসারা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ হয়ে গেছে। ক্লিনিকের কাউকেই এলাকায় দেখিনি। বন্যার মধ্যে চিকিত্সাসেবা পাচ্ছে না চরাঞ্চলের মানুষ।  অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা বলেন, অর্জুনার চরাঞ্চলে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ হয়ে গেছে। তবে মাঝেমধ্যে ক্লিনিকের লোকজন যায় চিকিত্সাসেবা দিতে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বন্যার কারণে গাবসারা ইউনিয়নে পরিবার পরিকল্পনার অস্থায়ী কেন্দ্রে চিকিত্সাসেবা বন্ধ রয়েছে। পার্শ্ববর্তী আরেকটি স্থানে মানুষজনকে চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহীউদ্দিন বলেন, বন্যায় উপজেলায় একটি উপস্বাস্থ্যকেন্দ্রসহ ১২টি চিকিত্সাসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। যাতে তারা বিকল্প হিসেবে উঁচু স্থান নির্ধারণ করে দেন যেখান থেকে চিকিত্সাসেবা চালানো যায়।