রাজৈরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৫০

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

পূর্বশত্রুতার জের ধরে এবং বাড়ির পাশে মাছ ধরার ভেসাল পাতাকে কেন্দ্র করে রাজৈরে রুহিদাস বাড়ৈ (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চৌয়ারীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঐ বৃদ্ধের নাতি জীবন বাড়ৈ (১৫) আহত হয়। পুলিশ, এলাকাবাসী ও স্বজনরা জানায়, এদিন সন্ধ্যায় রুহিদাসের জায়গায় সুকদেব ও সমীর ভেসাল পাততে গেলে তার নাতি জীবন বাড়ৈ বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা জীবনকে মারধর করে। তার চিত্কারে রুহিদাস এগিয়ে গেলে তাকে লোহার শাবল দিয়ে আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। পরে রাত ১১টার দিকে ফরিদপুর মেডিক্যালে নেওয়ার পথে তিনি মারা যান। টেকেরহাট থানার ওসি শেখ সাদী প্রাপ্ত তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।