মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজারে সিএনজি অটোরিকশাচালকদের দুই পক্ষের সংঘর্ষে মঙ্গলবার দুপুরে মো. ফজলু মিয়া নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জনা যায়, মঙ্গলবার দুপুরে সিএনজি অটোরিকশাচালকদের কমিটি ও সড়কে গাড়ি চলাচলের বিরোধের জের ধরে ইমামবাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হলে আট জন আহত হয়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক অটোরিকশাচালক ফজলুকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার সদর মডেল থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় পুলিশ বর্তমান ইউপি সদস্য ছালিক মিয়া ও ইলিয়াছ মিয়াকে আটক করেছে।
