চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম মহানগরীতে গত ফেব্রুয়ারিতে ট্রাফিক পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় আরো এক জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগরী পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।
পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য। এই ব্যক্তিই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে বোমা নিয়ে গিয়ে নগরীর ষোলশহর দুই নম্বর গেইটের নিকটবর্তী ট্রাফিক পুলিশ বক্সে রেখে এসেছিল।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ ইত্তেফাককে বলেন, গত সোমবার (২৭ জুলাই) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং থেকে নব্য জেএমবির এই সদস্য সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে গ্রেফতার হয়। গ্রেফতার হওয়া মো. শাহেদ (২৪) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তাকে মঙ্গলবার দুপুরের দিকে ইউনিট কার্যালয়ে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হবে। তার ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
গত ২৮ ফেব্রুয়ারি মহানগরীর পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় গত ৩ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিন জনকে কাউন্টার টেরোরিজম ইউনিট গ্রেফতার করে। তারাও নব্য জেএমবির সদস্য বলে পুলিশ কর্মকর্তাদের কাছে স্বীকারোক্তি দেয়।
