তথ্য আপা প্রকল্পের উদ্যোগে সচেতনতামূলক সভা

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২২:২০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

গ্রামীণ নারীদের করোনা ভাইরাস প্রতিরোধে আড়াইহাজার উপজেলার দিঘলদী গ্রামে সোমবার বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ, রোগ প্রতিরোধে দৈনিক পুষ্টিকর খাদ্যাভাস, জরুরি পরিস্থিতিতে হেল্পলাইন নম্বরসমূহ সম্পর্কে অবহিত করতে বাড়ি বাড়ি মাস্ক বিতরণ ও তথ্যসেবা প্রদান করেছেন তথ্য আপা প্রকল্প। এ সময় উপস্থিত ছিলেন তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার এবং তথ্যসেবা সহকারী রাহিমা আক্তার এবং নিপা চৌধুরী।

তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা প্রকল্প ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) তথ্যকন্দ্রের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসায়, আইন, কৃষি, জেন্ডার সমতায়ন, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরির তথ্য ও আবেদন, ই-কমার্স, ই-বিজনেস, ভিডিও কনফারেন্স, উঠান বৈঠক, মুক্ত আলোচনাসহ বিভিন্ন প্রকার সেবাও প্রদান করা হয়। আড়াইহাজার উপজেলায় সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান ও সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হাসিনা বেগম। তথ্য আপাদের লক্ষ্য একটাই গ্রামীণ নারীর ক্ষমতায়ন, অগ্রগতি ও উন্নয়ন সর্বোপরি প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গঠন।