মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকসহ ক্রীড়াসংশ্লিষ্ট ৪৫ জনের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। দেশব্যাপী করোনা প্রাদুর্ভাবের কারণে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই আর্থিক অনুদান দেওয়া হয়। গতকাল জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, কোষাধ্যক্ষ এহতেশাম হোসেন ভুনু, আবু বকর খান তুষার, রতন মজুমদার, সেলিম পারভেজসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলার অভাবগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকসহ সংশ্লিষ্ট ৪৫ জনের প্রতিজনকে ৭ হাজার টাকা করে প্রদান করা হয়।
