বিএনপির শোক
ইত্তেফাক রিপোর্ট
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু (৫১) আর নেই। গতকাল মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। এ ছাড়া বেশ কিছু দিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। গতকাল প্রথম নামাজে জানাজা বেলা ১১টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সেখানে দলের সর্বস্তরের নেতাকর্মীরা মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। পরে বাবুর লাশ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শফিউল বারী বাবুর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বাবুর মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক দল সংগঠনের সভাপতির মৃত্যুতে সারাদেশের জেলা, মহানগর, থানা, উপজেলা ও পৌরসভায় গতকাল মঙ্গলবার খতমে কোরআনের আয়োজন করে।
