আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান নাজিম উদ্দিন ও একই ইউনিয়নের মেম্বার মোহাম্মদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয় আট জন । গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার উচিতপুরা ইউনিয়নের আতাদী গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার উচিতপুরা ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন মোল্লার ভাতিজা আশিককে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলীর ভাতিজা সবুজ মারধর করে। তারই সূত্র ধরে গতকাল সকালে আগের দিনের ঘটনার বিচার চাইতে চেয়ারম্যানের লোকজন মেম্বারের বাড়িতে যায়। এ সময় বাগিবতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়ে। মেম্বারের লোকজন এক পর্যায়ে চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে চেয়ারম্যানকে খুঁজতে থাকে। এই সময় অবস্থা বেগতিক দেখে চেয়ারম্যান নাজিম তার বাড়ির চার তলা বিল্ডিংয়ে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
