একাদশে ভর্তি
ইত্তেফাক রিপোর্ট
ক্যাথলিক চার্চ (খ্রিষ্টান মিশনারি) পরিচালিত রাজধানীর চার কলেজ আগে থেকেই পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করে আসছে। করোনার মধ্যে এবার নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজকে ভর্তিতে ভার্চুয়াল পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা বোর্ড।
গতকাল মঙ্গলবার চার কলেজকে পাঠানো ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ৯ থেকে ২৪ আগস্টের মধ্যে ভার্চুয়াল লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষে এসব কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য আগামী ৩০ আগস্টের মধ্যে বোর্ডে পাঠাতে হবে।
দেশের সব কলেজে আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ২০ আগস্ট পর্যন্ত। তৃতীয় পর্যায়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। ভর্তি হতে হবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।
জানা যায়, ২০১৫ সাল থেকে সব কলেজে একাদশ শ্রেণিতে অনলাইনে জিপিএর ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আদালতের আদেশে চার্চ পরিচালিত চার কলেজ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করছে।
