চুরির ভুল তথ্য প্রচার করায় বিদেশি জাহাজকে ৫০০ ডলার জরিমানা

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২২:৪৯

চুরি হওয়ার ভুল তথ্য প্রচার করায় এমভি সিনা-০৫ নামক একটি বিদেশি গ্যাসবাহী জাহাজকে ৫০০ ইউএস ডলার জরিমানা করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। গত ২৪ জুলাই মোংলা বন্দরের পশুর চ্যানেলের হিরণ পয়েন্টে ছিল জাহাজটি। ঐ দিন দিবাগত গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র জাহাজটির স্টোররুম ভেঙে চারটি মুরিংরোপ চুরি করে নিয়ে যায় বলে বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন জাহাজটির ক্যাপ্টেন। এরপর চুরি হওয়ার বিষয়টি স্থানীয় শিপিং এজেন্ট ‘সি এশিয়া শিপিং’য়ের পক্ষ থেকে সংবাদকর্মীদের জানানো হয়। সংবাদ প্রকাশের পর বন্দর কর্তৃপক্ষ খোঁজ-খবর নেয়। এ সময় জাহাজের ক্যাপ্টেন ও চিফ অফিসার তাদের জাহাজের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার গাফিলতির বিষয়টি স্বীকার করে বন্দর কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন। জাহাজ কর্তৃপক্ষ চুরির ব্যাপরে কোনো প্রমাণও দিতে পারেনি।

এক প্রেস বার্তায় এসব তথ্য জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন। তিনি বলেন, চুরির বিষয়ে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে না পারায় এবং জাহাজ কর্তৃক ভুল তথ্য প্রচার করায় স্থানীয় শিপিং এজেন্টের কাছ থেকে ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং বন্দরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণ করবে না।