যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস মহামারির মধ্যে অর্থনীতি সামলাতে রিপাবলিকানরা ১ হাজার কোটি ডলারের প্রস্তাব দিয়েছে। কিন্তু ডেমোক্র্যাটরা বলছেন, এই অর্থ পর্যাপ্ত নয়। এ নিয়ে দুই দলের মধ্যে আলোচনা চলছে। রিপাবলিকানদের অনেকেও প্রস্তাবের বিরোধিতা করছেন।—খবর বিবিসি ও রয়টার্সের
গত মে মাসে ডেমোক্র্যাটরা ৩ হাজার কোটি ডলারের অর্থনৈতিক উদ্ধারসংক্রান্ত প্যাকেজ পাশ করেছিলেন। কিছু রিপাবলিকান এই প্রস্তাবকে ব্যয়বহুল বলে উল্লেখ করেছেন। রিপাবলিকানদের প্রস্তাবে বলা হয়েছে, এর মধ্যে ১০০ বিলিয়ন ডলার স্কুলে দেওয়া হবে। প্রত্যেক আমেরিকান নাগরিককে ১২০০ ডলার করে দেওয়ার পরিকল্পনাও আছে। এই অর্থ দেওয়া হবে এর আগে ৬০০ ডলারের বেকারত্ব ভাতা বাতিল করে। এর পরিবর্তে সপ্তাহে ২০০ ডলার দেওয়ার পরিকল্পনা আছে। রিপাবলিকানরা মনে করেন, বেশি ভাতা দিয়ে সবাই কাজে না গিয়ে ঘরে বসে থাকবে। ডেমোক্র্যাটরা বলছেন, এটা যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ভাইরাস সামলাতে আড়াই হাজার কোটি ডলার ব্যয় করেছে। ব্যবসা ও গৃহস্থালিতেও অর্থ দিয়েছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, আসছে বসন্ত পর্যন্ত আরো অর্থ ঢালতে হবে যুক্তরাষ্ট্র সরকারের।
