রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত্

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২২:৫৫

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল গতকাল মঙ্গলবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত্ করেছেন। এসময় রাষ্ট্রপতি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানিয়ে নৌবাহিনী প্রধানের সাফল্য কামনা করেন। অপরদিকে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। এ সাক্ষাত্কালে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন ।

এসময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষাসহ এ অঞ্চলের সামুদ্রিক সম্পদ আহরণ ও সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকার সশস্ত্রবাহিনীর উন্নয়নে ফোর্সেস গোলস্ ২০৩০ বাস্তবায়ন করছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক, দক্ষ ও চৌকশ বাহিনীতে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন যে, নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরো আধুনিক, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত হবে।