নীতিহীন লুটেরাদের বিরুদ্ধে গরিবের পার্টি জোরদার করা দরকার

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০০:১৩

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নেতৃবৃন্দ বলেছেন, দেশে এখন লুটেরা দুর্নীতিবাজ ও ঘুষখোরদের রাজত্ব চলছে। রাজনীতিতে সততা ও নীতি-আদর্শ তলানিতে পৌঁছেছে। জিনিসপত্রের দাম, গ্যাস, বিদ্যুত্, পানি ও মোবাইল ফোনের বিল বৃদ্ধি গরিব মানুষের জীবনে মড়ার উপর খাঁড়ার ঘা। নীতিহীন লুটেরাদের বিরুদ্ধে, অসুস্থ রাজনীতির বিরুদ্ধে গরিব মানুষের পার্টি জোরদার করা প্রয়োজন। দলের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার রাতে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ন্যাপের কার্যকরী সভাপতি আমিন আহমেদ। সভা সঞ্চালনা করেন পরিতোষ দেবনাথ ও আমিনুল ইসলাম। সভায় একটি তথ্যচিত্রে ন্যাপের ইতিহাস তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে আমিন আহমেদ বলেন, ন্যাপের প্রতিষ্ঠাতাদের অন্যতম অধ্যাপক মোজাফফর আহমদ। এদেশের বাস্তবতায় গরিব দুঃখী, সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় নিবেদিতপ্রাণ একটি আদর্শবাদী পার্টি রেখে গেছেন। সভায় আরো বক্তব্য রাখেন প্রবীণ ন্যাপ নেতা অ্যাড. এনামুল হক, পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাস্টার নুরুল ইসলাম, কাজী লুত্ফর রহমান চৌধুরী প্রমুখ।