বন্যা মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের ১২টি কমিটি

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০০:১৪

চলমান বন্যা পরিস্থিতিতে কৃষির ক্ষতি কাটিয়ে উঠতে এবং খাদ্য উত্পাদন অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ১২টি কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। এ কমিটি বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮টি জেলার সবজি ও আমন ধান চাষিদের বীজ, সারসহ বিভিন্ন প্রণোদনা সরবরাহ কার্যক্রম গতিশীল করতেও কাজ করবে।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির সদস্যরা বন্যা প্লাবিত এলাকার কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিতভাবে অনলাইন মিটিং ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে মাঠের সব কার্যক্রমের তদারকি ও মনিটরিং করবেন। তদারকির মাধ্যমে কৃষকের উঁচু স্থানে কমিউনিটি বীজতলা তৈরি এবং কৃষকের উঁচু স্থান না থাকলে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) কমিউনিটি বীজতলা তৈরিতে ব্যবস্থা করা হবে। এছাড়া উত্পাদিত বীজ বা চারা সঠিক সময়ে কৃষকদেরকে সরবরাহ এবং যে এলাকায় বন্যা দীর্ঘস্থায়ী হবে সেখানে কৃষকের চাহিদা অনুযায়ী বপনযোগ্য বীজ সরবরাহ নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করবেন।

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের নির্দেশে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এসব কমিটি গঠন করা হয়েছে। প্রতি কমিটিতে পাঁচ জন করে মোট ৬০ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলার দায়িত্ব প্রদান করা হয়। কৃষিসচিব মো. নাসিরুজ্জামান কমিটির সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান এবং অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল সমন্বয় করবেন।