ঘুষ না দেওয়ায় কিশোরের ডিম ভাঙার ঘটনাটি ভারতের -----------পুলিশ সদর দফতর

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০০:১৫

দেশের বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সম্প্রতি ‘ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভেঙে দিল পুলিশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের প্রকৃত ঘটনাস্থল ভারতের মধ্য প্রদেশ, যা নিউজের ভেতরেই উল্লেখ আছে। কিন্তু এমন শিরোনামের ফলে ঘটনাটি বাংলাদেশের মনে করে অনেকেই বিভ্রান্ত হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। বিষয়টি নজরে এলে গতকাল এক বার্তায় (বিজ্ঞপ্তিতে) এমন শিরোনামে আপত্তি জানিয়ে তা পরিহারে আহ্বান জানায় পুলিশ সদর দফতর।  পূর্ণাঙ্গ সংবাদে ঢোকার আগেই অনেক পাঠক এমন চটকদার শিরোনাম দেখেই উপসংহারে পৌঁছে যান, যা ক্ষেত্রমতে অপূর্ণাঙ্গ ও বিভ্রান্তিকর বার্তা দিতে পারে’—বলে মন্তব্য পুলিশ সদর দফতরের।

বিজ্ঞপ্তিতে সদর দফতর জানায়, দেশে এ সংবাদটি যদি ‘ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভেঙে দিল মধ্য প্রদেশের পুলিশ’ শিরোনামে পরিবেশন করা হয়, তবে সহজেই এ বিভ্রান্তি, এ অপূর্ণতা কাটানো যায়।

বার্তায় আরো বলা হয়, ছোট ছোট বিভ্রান্তিকর এ ধরনের সংবাদ/শিরোনাম/ছবি প্রকৃত অর্থে যথাযথভাবে উপস্থাপন করলে জনগণ যেমন সঠিক তথ্য পাবেন, তেমনি বস্তুনিষ্ঠ ও পেশাদারি সাংবাদিকতার উন্মেষ ঘটবে। বাংলাদেশ পুলিশ এক্ষেত্রে সবার সহযোগিতা প্রত্যাশা করে।