করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রস্তুতকারী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম র্যাবের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জব্দকৃত অস্ত্র ও গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে জিজ্ঞাসাবাদে তিনি চতুরতার আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে র্যাব-৬-এর একটি নির্ভরযোগ্য সূত্র।
র্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল রওসোনুল ফিরোজ জানান, সোমবার সন্ধ্যায় র্যাব কার্যালয়ে সাহেদ করিমকে আনার পর থেকেই মামলার তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। গতকাল মঙ্গলবারও তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানান, সোমবার খুলনায় আনার পর সাহেদকে ডাক্তারি পরীক্ষা করা হয়। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার বজলুর রশিদ জানান, সাহেদকে গ্রেফতারের সময় জব্দ অস্ত্র ও গুলির তথ্যসহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড শেষে তাকে সাতক্ষীরা আদালতে হাজির করা হবে।
এদিকে র্যাব-৬-এর একটি সূত্র জানায়, বহুমুখী প্রতারক সাহেদ অত্যন্ত চতুর। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জব্দকৃত অস্ত্র ও গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্নভাবে চতুরতার আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।
জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সন্ধ্যায় সাহেদকে ঢাকা থেকে খুলনা র্যাব-৬ কার্যালয়ে আনা হয়। এর আগে গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম সাতক্ষীরার ভার্চুয়াল আদালতে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ২৬ জুলাই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় শুনানি শেষে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
