আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হলে পারস্পরিক উন্নয়ন এবং অমীমাংসিত সমস্যা সমাধান সহজেই সম্ভব। ভারত-বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং একাত্তরের রক্তের রাখিবন্ধনে আবদ্ধ। দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন সময়ের পরিক্রমায় দিন দিন নবতর মাত্রায় উন্নীত হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে রিভা গাঙ্গুলী দাশের সঙ্গে বৈঠকে সড়ক অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহনের সক্ষমতা বৃদ্ধিতে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। তিনি জানান, অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেছেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যেকোনও সময়ের চেয়ে এখন অধিকতর উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ।’
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, প্রতিটি বিষয়ে সরকারের সমালোচনা ও মিথ্যাচার বিএনপির চিরাচরিত ঐতিহ্য। তাই প্রাকৃতিক দূর্যোগ নিয়েও মিথ্যাচার ও অপরাজনীতির বৃত্ত থেকে বিএনপি বেরিয়ে আসতে পারেনি। ‘এবারের বন্যা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ফল’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই, তাহলে কী সম্প্রতি চীন, জাপান ও আসামের বন্যাও নতজানু পররাষ্ট্রনীতির ফল? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না, বিএনপি না দেখলেও দেশের মানুষ সরকারের মানবিক সহায়তার কার্যক্রম দেখছে এবং উপকৃত হচ্ছে।
বিদেশগামীদের করোনা পরীক্ষা নিয়ে এখনও কিছুটা বিভ্রান্তি রয়ে গেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অনেকেই টিকিট জমা দিয়ে ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে নমুনা দিচ্ছেন পরীক্ষার জন্য, আবার কেউ কেউ ২৪ ঘণ্টা আগে রিপোর্ট পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। আবার কারও কারও রেজাল্ট পজিটিভ আসছে। তাতে শেষ মুহূর্তে যাত্রা বাতিল করতে হচ্ছে। এতে তাদের আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া নমুনা গ্রহণ ও ফলাফল দেওয়ায় সমন্বয়হীনতা রয়ে গেছে। তাই বিদেশগামীদের ভোগান্তি কমাতে একটি যৌক্তিক সময় নির্ধারণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
