গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহের সেই বাঁধটি অবশেষে ভেঙে গেছে। বাঁধটির প্রায় এক হাজার মিটার অংশ তিস্তা গর্ভে বিলীন হয়ে গেছে। রংপুর পানি উন্নয়ন বোর্ড বাঁধটি রক্ষার জন্য কাজ করলেও কাজের কাজ কিছুই হয়নি।
সাম্প্রতিককালের কয়েক দফা বন্যায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে শংকরদহ এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেয়। অবশেষে ভাঙন এসে লাগে বাঁধে। গত দুই দিনে বাঁধের প্রায় এক হাজার ফুট অংশ ভেঙে গেছে। এতে পানির গতিপথ পরিবর্তন হয়ে সেই ভাঙা অংশ দিয়ে পানি এখন শেখ হাসিনা তিস্তা সেতু দিয়ে না গিয়ে উত্তরদিকে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি আর একটু বৃদ্ধি পেলে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়বে। এলাকার লোকজন জানান, ২০১৮ সালে এই বাঁধের কিছু অংশ ভেঙে গেলে রংপুর কাকিনা সড়কের সংযোগ ভেঙে যায়। সেই অবস্থা এবারও হবে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। ২০১৫ সালে পূর্ব ইচলি ও পশ্চিম ইচলি ও বাগেরহাট এলাকা ভাঙনের হাত থেকে রক্ষার জন্য বাঁধটি নির্মাণ করা হয়। তখন নদী ছিল দেড় কিলোমিটার উজানে।
লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, বাঁধটি ভেঙে যাওয়ায় প্রায় ৫০ হাজার পরিবার তলিয়ে যাবে। সেই সঙ্গে শেখ হাসিনা তিস্তা সেতুর মহিপুর-কাকিনা সংযোগ সড়ক ২০১৮ সালের ন্যায় ভাঙন হুমকির মুখে পড়বে।
