বেহাল রাস্তায় হেঁটে চলাও দায়!

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২১:৫৫

মাহাবুব চান্দু, মেহেরপুর প্রতিনিধি

তিন কিলোমিটার বেহাল রাস্তার কারণে নবীনগর গ্রাম যেন ছিটমহলে পরিণত হয়েছে! মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম এটি। বর্ষা মৌসুমে কাদাপানি মাড়িয়ে চলতে হয় গ্রামবাসীকে। এলজিইডির আওতাধীন এ পথ দিয়ে যানবাহন চলাচল করা দূরের কথা হেঁটে চলাচল করায়ই মুশকিল। সরেজমিনে দেখা গেছে, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) পুরোনো কার্যালয় থেকে সোজা পথ পেরিয়ে সীমান্তের ১১৫/১১৬ নম্বর মেইন পিলারের কাছাকাছি খালপাড়া নবীনগর গ্রামের অবস্থান। গ্রামটিতে ঢোকার জন্য তিন কিলোমিটার দীর্ঘ চওড়া রাস্তা রয়েছে। কিন্তু রাস্তাটি চলাচলের অনুপযোগী। ২নং বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জামান জানান, এলজিইডি অফিস থেকে তথ্য পেয়েছি বাড়িবাঁকা-নবীনগর ৩ কিলোমিটার রাস্তার মধ্যে ১ হাজার ৫০০ মিটার পাকাকরণের টেন্ডার পাশ হয়েছে। আশা রাখছি এই সড়কের কাজ সম্পন্ন হলে বাড়িবাঁকা, নবীনগর গ্রামের চাষিরা তাদের কৃষি পণ্য শহরে নিতে পারবে এবং ন্যায্যমূল্য পাবে। একই সঙ্গে ঐ এলাকার জীবনমান উন্নয়ন হবে। মহেরপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান চৌধুরী বলেন, ১৯-২০ অর্থ বছরের মার্চ মাসে ঐ সড়ক নির্মাণের টেন্ডার হয়। বর্ষা মৌসুমের কারণে কাজ শুরু করা যায়নি। তবে খুব শিগিগরই কাজ শুরু হবে।