ব্রডের লক্ষ্য এবার ৬০০

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২২:০৯

স্পোর্টস ডেস্ক

অনন্য এক অর্জন হাতের মুঠোয় চলে আসলেও এখানেই থামতে চান না স্টুয়ার্ট ব্রড। ইংলিশ এই পেসারের লক্ষ্য এবার টেস্টে ৬০০ উইকেট। এমন মত ক্রিকেট বিশ্বের কিংবদন্তিদের।

টেস্টের ইতিহাসে ৫০০টি উইকেট পাওয়া সপ্তম বোলার তিনি। আগেই এই তালিকায় আছেন মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), অনিল কুম্বলে (ভারত), ব্রডের স্বদেশি সতীর্থ জেমস অ্যান্ডারসন, গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ও কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ)। সবার ওপরে থাকা মুরালিধরনের উইকেট সংখ্যা ৮০০টি। ১৪০তম টেস্টে গিয়ে ব্রড এই মাইলফলকে পৌঁছালেন। তালিকায় তিনি দ্বিতীয় ইংলিশ বোলার।

ব্রড নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানালেন সবার প্রতি। তিনি এক টুইটে লিখেছেন, ‘সবার সমর্থন ও ভালোবাসায় আমি অভিভূত। অনেক ধন্যবাদ। দলের জয়ের ম্যাচে ৫০০ উইকেট পাওয়া, সিরিজ জয় সবই স্পেশাল অনুভূতি। আমি ক্রিকেট ভালোবাসি।’

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন লিখেছেন, ব্রডকে নিয়ে এত বড় আশা তার ছিল না। বললেন, ‘সব সময়ই মনে হয়েছে, ভালো একটি টেস্ট ক্যারিয়ার ওর হবে। তবে ৫০০ উইকেট পাওয়া মোটেও আমার সমীকরণে ছিল না! স্কিল, স্থায়িত্ব, কঠোর পরিশ্রম ও হাল না ছাড়া মানসিকতা অথচ ওর শুরুটা ছিল ব্যাটসম্যান হিসেবে সব তরুণ ক্রিকেটারের জন্য ভালো উদাহরণ অভিনন্দন স্টুয়ার্ট ব্রড।’

২০০১ সালের মার্চে পোর্ট অব স্পেনে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে এলবিডব্লিউ করে ৫০০ ছুঁয়েছিলেন কোর্টনি ওয়ালশ। নাম লিখিয়েছিলেন ইতিহাসে। সেই প্রথম, টেস্টে ৫০০র ঠিকানায় পৌঁছতে পেরেছিলেন কেউ। অনেক বছর আগে ছোট্ট ব্রডকে দেখার স্মৃতি মনে করলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি।

তিনি লিখেছেন, ‘৫০০ উইকেট স্পর্শ করায় ব্রডকে অভিনন্দন। কঠোর পরিশ্রমের ফল মিলেছে ওর। আমার এখনো মনে আছে, ব্রিস্টলে তুমি আমার ছেলেকে বোলিং করছিলে, যখন তোমরা দুজনই বাচ্চা ছিলে। দারুণ অর্জন, তোমার সীমানা আকাশে পরের ধাপ ৬০০ উইকেট।’

এই সিরিজের প্রথম টেস্টে উপেক্ষিত হওয়ার পর ব্রডের ভেতরে যে বারুদ দেখা গেছে, সেটিই তুলে ধরলেন শচিন টেন্ডুলকার। তিনি লিখেছেন, ‘আগেই বলেছিলাম, ব্রডকে দারুণ উজ্জীবিত মনে হচ্ছে এবং সে যেন একটা অভিযানে নেমেছিল। ৫০০ উইকেট পাওয়ায় তাকে অভিনন্দন, অসাধারণ অর্জন।’