আজ মুখোমুখি
ইংল্যান্ড-আয়ারল্যান্ড
স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসজনিত বিরতি শেষে টেস্ট ক্রিকেট ফিরেছে আগেই। এবার ওয়ানডে ফেরার পালা। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আজ থেকে শুরু হচ্ছে।
আর এই তিন ম্যাচের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিশ্বকাপ সুপার লিগ। এই ওয়ানডে সুপার লিগের ফলাফলের ওপর নির্ভর করছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কারা কারা খেলার সুযোগ পাবে।
বিশ্বকাপ সুপার লিগের অধীনে প্রতিটি দল মোট আটটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে, যার চারটি হোম সিরিজ এবং চারটি অ্যাওয়ে সিরিজ। ইংল্যান্ড-আয়ারল্যান্ডের খেলা দিয়ে সুপার লিগ শুরু হওয়ায় মূলত এই সিরিজের মাধ্যমেই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে আইসিসি।
সর্বশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তবে এবারে ওয়ানডে লড়াইটা ভিন্ন ব্যাপার। কারণ ওয়ানডেতে পুরো ভিন্ন এক ইংল্যান্ড দল মাঠে নামবে। টেস্ট সিরিজে যারা খেলেছেন, তাদের কাউকেই রাখা হয়নি ৫০ ওভারের ক্রিকেটে।
প্রথম ম্যাচের জন্য মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট আয়ারল্যান্ড। পরের দুই ম্যাচ হবে আগামী শনি ও মঙ্গলবার। সবগুলো ম্যাচই হবে সাউদাম্পটনে, দর্শকশূন্য স্টেডিয়ামে।
প্রথম ওয়ানডের আয়ারল্যান্ড দল :
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়েন, উইলিয়াম পোর্টারফিল্ড, বয়েড র্যানকিন, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং।
