করোনা নিয়ে ক্যারি লামের সতর্কতা
বিবিসি
দ্রুতগতিতে বাড়তে থাকা করোনা ভাইরাস সংক্রমণ হংকংকে গ্রাস করছে আর তাতে নগরীর হাসপাতাল ব্যবস্থাপনা ‘ভেঙে পড়তে পারে’ বলে সতর্ক করেছেন স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি লাম। নগরীটি ‘বড় ধরনের সামাজিক প্রাদুর্ভাবের দ্বারপ্রান্তে আছে’ জানিয়ে তিনি বাসিন্দাদের ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় হংকংয়ে বুধবার থেকে রেস্তোরাঁয় খাওয়া বন্ধ এবং বাধ্যতামূলক মাস্ক পরাসহ বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।
শুরুর দিকে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় হংকংকে তুলনামূলক সফল মনে হলেও সাম্প্রতিক দিনগুলোতে চীননিয়ন্ত্রিত এ শহরটিতে দৈনিক শতাধিক কোভিড-১৯ রোগীর সন্ধান মিলছে। অথচ কয়েক সপ্তাহ আগেও হংকংয়ে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দশের নিচে ছিল। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে লাম বলেন, ‘সামাজিক প্রাদুর্ভাবের দ্বারপ্রান্তে হংকং, এর ফলে আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা ধসে পড়তে পারে এবং অনেক মৃত্যু হতে পারে, বিশেষ করে বয়স্কদের।’ তিনি বাসিন্দাদের সামাজিক দূরত্বের নির্দেশনা মানতে এবং ‘যথাসম্ভব ঘরে থাকার’ আহ্বান জানান।
