ছায়ানটকে ভারতীয় হাইকমিশনের উপহার

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২২:২০

ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত শিক্ষা কার্যক্রম নালন্দা উচ্চ বিদ্যালয়ের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তত্ত্বাবধানে নির্মিত কেরানীগঞ্জে অবস্থিত ‘অপালা ভবন’-এ শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থার জন্য ঢাকার ভারতীয় হাইকমিশন ছায়ানটকে দুটি স্কুলবাস উপহার দিয়েছে। গতকাল বুধবার অনলাইনে ঢাকার ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ছায়ানটকে আনুষ্ঠানিকভাবে এ বাস দুটি হস্তান্তর করেন।

অনলাইন অনুষ্ঠানের সূচনা হয় ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসার গান ‘চলো, যাই চলো’ ও স্বাগত কথনের মধ্য দিয়ে। এরপর নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা বিশ্বাস দৃশ্য-শ্রাব্য উপস্থাপনার মাধ্যমে নালন্দা সম্পর্কে কিছু বলেন। ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী স্কুলবাস দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করার পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। —প্রেস বিজ্ঞপ্তি