বৃক্ষরোপণ নিয়ে আওয়ামী লীগের ওয়েবমিনার আজ

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২২:২৩

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘তিনটি করে গাছ লাগান’ আহ্বানে সাড়া দিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয়প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার একটি ওয়েবমিনার করতে যাচ্ছে দলের এই উপকমিটি। ‘মুজিববর্ষে বাংলাদেশ, বৃক্ষরোপণে বিশুদ্ধ হোক পরিবেশ’ শিরোনামে আজ দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জুমের মাধ্যমে অতিথিরা এতে অংশ নেবেন। অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং পরিবেশ বিশেষজ্ঞ ড. হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. নাসরিন আহমদ, সংসদ সদস্য ডা. হাবীবে মিল্লাত এবং আশেক উল্লাহ রফিক, পরিবেশ বিশেষজ্ঞ ড. আতিক রহমান, কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করবেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এবং এ উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।