ইত্তেফাক রিপোর্ট
এখন থেকে দেশের ৮০ শতাংশ মানুষ রবির ফোরজি সেবা পাবে। দেশের প্রথম অপারেটর হিসেবে রবি ১১ হাজারেরও বেশি টাওয়ারে ফোরজি সেবা চালু করেছে। যদিও রবির পক্ষ থেকে বলা হয়, ফোরজি নয়, ফোর পয়েন্ট ফাইভজি সেবা দিচ্ছে তারা। এর ফলে এখন থেকে দেশের প্রতিটি উপজেলায় রবির ফোরজি সেবা মিলবে।
রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আমাদের ফোর পয়েন্ট ফাইভজি সেবা বলে দেয় ডিজিটাল ভবিষ্যতে সেরা অবস্থান ধরে রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। প্রথম অপারেটর হিসেবে ১১ হাজারের বেশি সাইটে ফোর পয়েন্ট ফাইভজি চালুর যে মাইলফলক রবি অর্জন করেছে সেটা নিঃসন্দেহে অসামান্য অর্জন। এর ফলে ভিডিও স্ট্রং এই নেটওয়ার্কে গ্রাহকদের প্রতিনিয়ত নতুন সেবার সুযোগ প্রসারিত হলো।
রবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ৮০ শতাংশ মানুষ এখন রবির ফোর পয়েন্ট ফাইভজি নেটওয়ার্কের আওতায় এসেছে। অর্থাত্ দেশের প্রতি পাঁচ জনের মধ্যে চার জনের কাছেই রবির ভিডিও স্ট্রং নেটওয়ার্ক পৌঁছে দেওয়া গেছে। এতে ভিডিও কলিং, সিনেমা স্ট্রিমিং, টিউটোরিয়ালের মাধ্যমে প্রতিদিন নতুন কিছু শেখা, লাইভ করা, ভিডিও গেমিং কিংবা শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যম উপভোগ করার বিরাট সুযোগ মিলল।
