মানিকগঞ্জে মুদি দোকান পুড়ে ছাই

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২২:২৪

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গারাদিয়া এলাকায় আলী ট্রেডার্স নামের একটি পাইকারি মুদি দোকানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

দোকান মালিক হজরত আলী জানান, ‘ফজরের নামাজের পর দোকানে আগুন লেগেছে এমন হইচই শুনে দোকানে গিয়ে দেখি বেশির ভাগ মালামাল পুড়ে গেছে। নিকটের খালের পানি ব্যবহার করে লোকজন আগুন অনেকটা নিভিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাকি আগুন নেভায়। ঈদের আগে বিক্রির জন্য দোকানে রাখা প্রায় ১২ লাখ টাকার মুদি মালামাল পুড়ে গেছে বলে তার দাবি।’ ফায়ার সার্ভিস মানিকগঞ্জ সদরের স্টেশন অফিসার খন্দকার জান্নাতুল নাঈম জানান, সকাল ৬টার দিকে ফোনে অগ্নিকাণ্ডর খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছলে দেখা যায় স্থানীয়রা আগুন প্রায় নিভিয়ে ফেলেছে। দোকানটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।