জনপ্রিয় টিকটক অ্যাপ দিয়ে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে চীন। প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা এই আশঙ্কা প্রকাশ করেছেন। রিপাবলিকান সিনেটরদের একটি গ্রুপ মঙ্গলবার এক চিঠিতে এ আশঙ্কা করেন। খবর রয়টার্সের
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এফবিআইয়ের কাছে লেখা এক চিঠিতে আইনপ্রণেতারা দাবি করেন, টিকটক অ্যাপের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে চীনের। এই অ্যাপের মাধ্যমে চীন রাজনৈতিক আলোচনা বাধাগ্রস্ত করতে পারে বা সেটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে বিষয়টিতে নজরদারি করার আহ্বান জানিয়েছেন। মার্কো রুবিও এবং টম কটনের মতো শীর্ষ রিপাবলিকানরা এ আশঙ্কা করার তালিকায় আছেন। তবে কোম্পানিটির এক মুখপাত্র জানিয়েছেন, টিকটক কোনো রাজনৈতিক সংবাদ নিয়ে কাজ করে না। এর নিরাপত্তায় অনেক বিনিয়োগ করা হচ্ছে। গত নির্বাচনেও এ থেকে দূরে থাকা হয়েছে। এছাড়া এরই মধ্যে ভুয়া তথ্য ছড়ানোর ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক বিজ্ঞাপনও গ্রহণ করা হয় না। আর টিকটকের সব বিষয় এবং নীতির আধুনিকায়ন করে ক্যালিফোর্নিয়াভিত্তিক একটা দল। এখানে বিদেশি শক্তির কোনো প্রভাব নেই। এফবিআই এ চিঠির ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
