ট্রেনে গরু এলো ঢাকায়

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:০১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু নিয়ে জামালপুরের ইসলামপুর থেকে প্রথম ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার রাতে ২৫ বগির ক্যাটল ট্রেনটি ২৬১টি গরু নিয়ে জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে গতকাল বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে কমলাপুর স্টেশনে পৌঁঁছে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) রকিব উল হোসেন জানান, কমলাপুর স্টেশনের ৮ নম্বর প্লাটফরমে ট্রেনটি থামে। সেখান থেকে গরুগুলো নামিয়ে রাজধানীর বিভিন্ন হাটে নেওয়া হয়। উল্লেখ্য, ফল, শাকসবজি, আমের পর এবার কোরবানির গরু ট্রেনে চড়ল। প্রচলিত ভাড়ায় কোরবানির পশু পরিবহন করা হচ্ছে।

জামালপুরের পলবান্ধা ইউনিয়নের গরু ব্যবসায়ী সামাদ ব্যাপারী বলেন, তিনি ট্রেনে করে পাঁচটি গরু নিয়ে ঢাকায় এসেছেন। ট্রাকের চেয়ে ট্রেনে গরু আনার খরচ অনেক কম। পাশাপাশি নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা ছিল না। ট্রাকে গরু পরিবহনে প্রতি বছর তাদের নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। এজন্য তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন একই এলাকার গরু ব্যাপারী আলাউদ্দিন। তিনিও নিয়ে এসেছেন ছয়টি গরু।

কমলাপুর রেল স্টেশন ম্যানেজার আমিনুল হক জুয়েল বলেন, ট্রেনের ব্রডগেজের ওয়াগনে ১৬টি করে গরু পরিবহন করা হয়েছে। প্রতিটি গরুর জন্য ভাড়া নেওয়া     হয়েছে ৫০০ টাকা এবং প্রতিটি ওয়াগনের ভাড়া নেওয়া হয়েছে ৮ হাজার টাকা।

উল্লেখ্য, ক্যাটল ট্রেনের ব্যাপারে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী  নুরুল ইসলাম সুজন বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশ রেলওয়ে প্রচলিত ভাড়ায় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও  চট্টগ্রামমুখী কোরবানির পশু পরিবহনের উদ্যোগ নিয়েছে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গাইবান্ধা, পাবনা ও কুষ্টিয়া থেকে চট্টগ্রামে আনতে প্রতি গরুর ভাড়া সর্বোচ্চ ২ হাজার ৫০০ এবং ঢাকায় ১ হাজার ৫০০  থেকে ২ হাজার টাকা পড়বে।