যশোরে বড় ভাইকে খুনের অভিযোগে ছোটভাই আটক

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:০৪

যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন হয়েছে। নিহত রাসেল ওই গ্রামের মৃত ইদ্রিস আলী ইদুর ছেলে। খুনি ছোটভাই আমজাদ ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ পুলিশের হাতে আটক হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে হঠাত্ করে দুই ভাইয়ের মধ্যে আবারও বিরোধ শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই আমজাদ হোসেন ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা পিস্তল দিয়ে বড়ভাই রাসেলকে গুলি করে। এসময় স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, খুনি ভারতে পালিয়ে যাওয়ার সময় ভারত সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।