করোনাকালীন পরিস্থিতি

বিএনপি নেতারা একটি দিনের জন্যও জনগণের পাশে দাঁড়াননি :তথ্যমন্ত্রী

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২৩:০৪

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যখন করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী একটি দিনের জন্য ঘরে বসে নেই, তখন বিএনপি নেতারা ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে দিয়ে কথা বলেন। তারা একটি দিনের জন্যও জনগণের পাশে দাঁড়াননি। করোনাকালীন পরিস্থিতিতে খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে বুধবার যশোর সার্কিট হাউজে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখযোদ্ধা। তারা নিজের জীবনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। সাংবাদিকদের যে সহায়তা দেওয়া হচ্ছে তা পৃথিবীর কোনো দেশে দেওয়া হচ্ছে না। আগামীতেও এটি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী খুলনা বিভাগের ৯ জেলার সাংবাদিক নেতাদের হাতে ৩৩৮ জন সাংবাদিকের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তার চেক হস্তান্তর করেন। এর মধ্যে রয়েছেন যশোরের ৪৮ জন, খুলনার ১১৪, মাগুরার ২৭, মেহেরপুরের ২৫, সাতক্ষীরার ৩৪, চুয়াডাঙ্গার ২৮, ঝিনাইদহের ২৯, নড়াইলের ২৭ ও বাগেরহাটের ছয় জন।