বাংলাদেশ ও ভারতে বন্যার্তদের জন্য ১ লাখ ইউরো (৯৯ লাখ ৫০ হাজার টাকা) অর্থ-সহায়তা প্রদান করছেন সুইডিশ কিশোরী ও জলবায়ু-পরিবেশ রক্ষার আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। এই অর্থ থেকে বাংলাদেশে বন্যার্তদের সাহায্য করতে ব্র্যাক পাচ্ছে ২৫ হাজার ইউরো (প্রায় ২৫ লাখ টাকা)। গত ২০ জুলাই গ্রেটা ‘গুলবেনক্যিয়া প্রাইজ ফর হিউম্যানিটি’ পুরস্কারে ভূষিত হন যার অর্থমূল্য ১ মিলিয়ন ইউরো। এই অর্থ পুরোটাই গ্রেটা থুনবার্গ ফাউন্ডেশন জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করা দাতব্য প্রতিষ্ঠান ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষত ‘গ্লোবাল সাউথে’ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করবে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতের জন্য এই সাহায্য ঘোষণা। অর্থ-সহায়তার ঘোষণা দিতে গিয়ে গ্রেটা বলেন, জলবায়ু সমস্যা খুবই জরুরি একটি বিষয়। বিশেষত গ্লোবাল সাউথে বসবাসকারী মানুষেরা ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাবে ক্ষতিগ্রস্ত।
তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক বন্যায় লাখ লাখ মানুষ গুরুতরভাবে ভুগছে। কোভিড-১৯ মহামারি ও সাইক্লোন আম্পানে যখন তারা বিপর্যস্ত, তখনই যুক্ত হয়েছে এই দুর্ভোগ। বিশ্ব-সংবাদমাধ্যম এই বন্যাকে উপেক্ষা করে চললেও দুর্গত এই মানুষগুলোকে সাহায্য করতে আমাদের সম্ভাব্য সবকিছুই করতে হবে। আমি সৌভাগ্যবান যে তাদের সাহায্য করতে নিজের পুরস্কারের অর্থগুলো এই প্রতিষ্ঠানগুলোকে দিতে পারছি। এই প্রতিষ্ঠানগুলো দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দিতে পারে। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রেটার এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তহবিলের খুবই প্রয়োজন।
