তরুণ-যুবকরা নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০০:৪৭

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন সিনিয়র কর্মকর্তা বলছেন, ইউরোপে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে তরুণ-যুবকদের ভূমিকা থাকতে পারে। সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক ড. হ্যান্স ক্লুগ বলেন, তরুণ-যুবকদের মধ্যে সংক্রমণ বাড়ছে এবং ইউরোপে হঠাত্ করে সংক্রমণ বাড়ার কারণ হয়তো সেটাই। খবর বিবিসির

ডা. ক্লুগ বলেন, ইউরোপের সরকারগুলোর উচিত এখনই তরুণ জনগোষ্ঠীকে সঠিক বার্তা দিয়ে সতর্ক করা। একের পর এক দেশের কোনো কোনো অঞ্চলে নতুন করে সংক্রমণ বাড়ছে। ডব্লিউএইচও কর্মকর্তা বলেন, আমরা বুঝতে পারছি এটি হচ্ছে মানুষের আচরণ পরিবর্তনের কারণে। কয়েকটি দেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে কমবয়সিরা অধিক মাত্রায় সংক্রমিত হচ্ছে। সুতরাং তাদেরকে কীভাবে সাবধান করা যায় তা নিয়ে বিশেষ ভাবনা-চিন্তার প্রয়োজন। ডা. ক্লুগ বলেন, দুই মেয়ের বাবা হিসাবে তিনি নিজে বুঝতে পারছেন যে তরুণরা এই গ্রীষ্মকাল ঘরে বসে কাটিয়ে দিতে চাইছে না। কিন্তু তাদের যেমন নিজেদের ব্যাপারে দায়িত্ব রয়েছে, তেমনি তাদের বাবা-মা, দাদা-দাদি এবং পুরো সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। কীভাবে সাবধান থাকতে হয়, সেই জ্ঞান এখন আমাদের রয়েছে। সুতরাং প্রতিটি মানুষকে তা কাজে লাগাতে হবে।

টিকার জন্য ব্রিটেনের আরো চুক্তি

৬ কোটি ডোজ কোভিডের টিকা কিনতে দুই বহুজাতিক ফার্মাসিউটিক্যাল জায়ান্ট গ্ল্যাক্সো স্মিথক্লাইন (জিএসকে) এবং সানোফির সঙ্গে চুক্তি সই করেছে ব্রিটিশ সরকার। টিকা জোগাড়ের জন্য এটি ব্রিটেনের চতুর্থ আগাম চুক্তি এবং এখন পর্যন্ত ২৫ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে তারা। এর মধ্যে অন্তত ৩০টি টিকা মানবদেহের ওপর পরীক্ষা করা হয়েছে এবং হচ্ছে—তার কিছু কিছুতে আশাপ্রদ ফলও পাওয়া গেছে।