হংকং নিয়ে কড়া ব্যবস্থা ইইউর

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০০:৪৭

সম্প্রতি হংকংয়ে চীন নতুন নিরাপত্তা আইন চালু করেছে। পশ্চিমা দেশগুলো চীনের এই সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ। আইনে বলা হয়েছে, চীনের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না। বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে চরমপন্থি ও সন্ত্রাসবাদী কোনো কাজ করা যাবে না। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর আশঙ্কা, এই আইন ব্যবহার করে হংকংয়ে যাবতীয় বিক্ষোভ বন্ধ করে দেবে চীন।—খবর ডয়চেভেলের

মঙ্গলবার ইইউ দেশগুলো সিদ্ধান্ত নিয়েছে, হংকংয়ে এমন কোনো জিনিস রপ্তানি করা হবে না, যা দিয়ে চীন লোকদের ওপর নজরদারি, সাইবার নজরদারি এবং লোকদের নির্যাতন করতে পারে। বিশেষ করে উচ্চপ্রযুক্তির জিনিস, যা দিয়ে লোকের অধিকার হরণ করা সম্ভব, সেরকম কোনো জিনিস হংকংয়ে যাবে না। চীনের প্রতি যে নীতি নেওয়া হয়, এবার থেকে হংকংয়ের প্রতিও তাই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইইউ। জার্মানি সামরিক সরঞ্জাম ও অন্যান্য জিনিস, যা দিয়ে নজরদারি বা নির্যাতন করা যেতে পারে তার রপ্তানি বন্ধ করে দিয়েছে। ইইউ অবশ্য কোথাও নিষেধাজ্ঞা কথাটা ব্যবহার করেনি। তবে পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের পর বলা হয়েছে, নিরাপত্তা আইন কীভাবে রূপায়ণ করা হবে, তার প্রতিক্রিয়া কী হবে তার দিকে নজর রাখা হচ্ছে। এ বছরের শেষে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানানো হবে।