সারা দেশে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার বাগেরহাটের মোংলা এলাকায় দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের আয়োজনে ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’ শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ‘মানুষের অত্যাচারে সুন্দরবন আজ বিপর্যস্ত। সুন্দরবনের গাছ কেটে বন উজাড়, পশু-পাখি হত্যা করা হচ্ছে নির্বিশেষে। এখানেই শেষ নয়, পাচারকারী দলের শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে প্রতিনিয়ত বাঘ হত্যা করা হচ্ছে। সুন্দরবনের প্রাণ-পশু-নদীকে শিল্প দূষণ থেকে রক্ষা করতে না পারলে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষা করা যাবে না।’
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ( বাপা) বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক মো. নূর আলম শেখ, বাপা নেতা নাজমুল হক, কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন প্রমুখ। এছাড়া বাঘ দিবস উপলক্ষ্যে বিকালে বাপা এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে ‘বাঘ দিবসে বাঘের গল্প’ শীর্ষক বিশেষ ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাপার নির্বাহী সহসভাপতি ডা. মোহাম্মদ আব্দুল মতিন।
