প্রধানমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রপতির বিশেষ প্রমার্জনায় প্রথম ধাপে ১৪৫ জন ও দ্বিতীয় ধাপে ৫৭ জন স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টদের মতো বঞ্চিত স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টদের রাজস্ব খাতে স্থায়ী নিয়োগের দাবি জানিয়েছেন স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টরা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে বঞ্চিত স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টরা সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
তারা বলেন, বৈশ্বিক মহামারি এই করোনায় জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, নিপসম ও মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বঞ্চিত স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টরা কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ থেকে আরটি-পিসিআরের সর্বোচ্চ দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় নিয়োগপ্রাপ্ত প্রথম ধাপে ১৪৫ জন ও দ্বিতীয় ধাপে ৫৭ জনের মধ্যে প্রকৃত করোনা যোদ্ধাদের কোনো নাম নেই। এ অবস্থায় প্রকৃত করোনা যোদ্ধা, বঞ্চিত স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টদের সরাসরি নিয়োগে আমরা প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করছি।
