পঞ্চগড় জেলার সদর উপজেলার মীরগড় সীমান্তে ভারতীয়দের ধাওয়ায় স্ত্রীকে সঙ্গে নিয়ে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন লতিফুল ইসলাম নামে এক ব্যক্তি। তবে তার স্ত্রী সাহেদা বেগমকে নদী থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার সদর উপজেলার ধাক্কামারা ইউনয়িনের মীরগড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ লতিফুলের বাড়ি জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পশ্চিম মীরগড় এলাকায়।
ধাক্কামারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. জাহের আলী জানান, স্বামী-স্ত্রী দুজনে ভারতীয় সীমান্তের কাছে ঘাস কাটতে যান। এসময় ভারতীয় চা-বাগানের ভারতীয় নাগরিকরা তাদের গুলতি ও দা নিয়ে ধাওয়া করে। তারা প্রাণভয়ে করতোয়া নদীতে ঝাঁপ দেয়। নদীতে পানি ও স্রোত বেশি থাকায় লতিফুল নিখোঁজ হয়। এলাকাবাসী সাহেদাকে নদী থেকে উদ্ধার করে।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, করতোয়া নদীর ঐ অংশটি ভারতীয় এলাকা হওয়ায় আমরা উদ্ধার অভিযান শুরু করতে পারিনি।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক খন্দকার আনিসুর রহমান বলেন, আমরা বিভিন্ন রকম তথ্য পাচ্ছি। কেউ বলছেন তারা গোসল করতে গিয়ে একজন নিখোঁজ হয়েছে আবার কেউ বলছেন ঘাস কাটতে গিয়ে ভারতীয়দের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে। তবে সেখানে কি ঘটেছিল আমরা এখনো নিশ্চিত নই। শিগগিরই আমরা প্রকৃত ঘটনা জানতে পারব।
