রপ্তানিকৃত পণ্যের বকেয়া চার্জ পরিশোধে সময় বেঁধে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। সম্প্রতি এক গণবিজ্ঞপ্তি জারি করে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের সভাপতি বরাবর পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম কাস্টমস হাউজ কর্তৃক এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম পরীক্ষা ও পর্যালোচনায় দেখা যাচ্ছে রপ্তানিকারক প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন সময়ে রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য চার্জ (আইটিসি ও অন্যান্য) পরিশোধ ব্যতিরেকে পণ্য রপ্তানি করা হয়েছে, যা রপ্তানি চালান শুল্কায়নের সঙ্গে সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট অবহিত আছেন। এমতাবস্থায় যে সব রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছে রপ্তানিকৃত পণ্যের চার্জ বকেয়া রয়েছে তাদের আগামী ১৫ আগস্টের মধ্যে তা পরিশোধের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় আগামী ১৬ আগস্ট থেকে বকেয়া চার্জ আদায়ের লক্ষ্যে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। একই সঙ্গে রপ্তানি পণ্যের শুল্কায়ন জটিলতা এড়াতে রপ্তানি পণ্য চালান শুল্কায়নের জন্য প্রযোজ্য চার্জের সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখার জন্যও অনুরোধ করা হয়েছে।
