চামড়া শিল্পনগরীর কার্যক্রম নিয়মিত পরিদর্শন ও তদারক করবে বিসিক পরিচালনা পর্ষদ

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২১:৩৬

বিসিক চামড়া শিল্পনগরীতে চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন শিল্প ও শিল্পনগরীর সার্বিক পরিবেশ ও অবস্থা নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পরিচালনা পর্ষদকে দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অফিস আদেশের মাধ্যমে পরিচালনা পর্ষদকে এ দায়িত্ব প্রদান করা হয়। এতে বলা হয় আসন্ন ঈদুল আজহার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে একসঙ্গে প্রচুর পশুর চামড়া সাভারের চামড়া শিল্পনগরীতে আসতে শুরু করবে। চামড়া শিল্পনগরীতে চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন শিল্প ও শিল্পনগরীর সার্বিক পরিবেশ ও অবস্থা নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য বিসিক পরিচালনা পর্ষদকে দায়িত্ব প্রদান করা হলো। প্রতিদিন নির্ধারিত তারিখে বিকাল ৫টার মধ্যে পরিদর্শনকারী কর্মকর্তা একটি সংক্ষিপ্ত প্রতিবেদন বিসিক চেয়ারম্যান বরাবর প্রেরণ করবেন। এছাড়াও কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণের জন্য চাহিদা অনুযায়ী লবণ সরবরাহ ও প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বিসিকের সকল আঞ্চলিক পরিচালক, শিল্প সহায়ক কেন্দ্র প্রধান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দকে ঈদের ছুটিতে কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে।