ঢাকা দক্ষিণ সিটির ৬১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:০৫

২০২০-২১ অর্থবছরে ৬ হাজার ১১৯ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিষ্ঠার পর এটিই সংস্থাটির সর্বোচ্চ বাজেট ঘোষণা। গতকাল বৃহস্পতিবার ডিএসসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ২০২০-২১ অর্থবছরের জন্য অনুমোদিত বাজেট ঘোষণা করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। মেয়র নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম বাজেট। সংস্থাটির গত ২০১৯-২০ অর্থবছরে ৩ হাজার ৬৩১ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। পরে সংশোধিত বাজেট দাঁড়ায় প্রায় আড়াই হাজার কোটি টাকা। গত বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেট দ্বিগুণ।

২০২০-২১ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ৯ কোটি ২ লাখ টাকা। সেই সঙ্গে অন্যান্য আয় ৭ কোটি ৭০ লাখ টাকা এবং সরকারি ও বৈদেশিক উত্স থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৯১৬ কোটি ৫৭ লাখ টাকা। প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ১৮৬ কোটি ৩০ লাখ টাকা। ২০২০-২১ সালের বাজেটে পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৪৫৭ কোটি ২৩ লাখ টাকা। অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি। মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫০৫ কোটি ৮৪ লাখ টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ১৫৪ কোটি ৫২ লাখ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হকসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।