বরিশাল নগরীর কোরবানির পশুর হাটগুলো গতকাল বৃহস্পতিবার পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্বের খুঁটিতে পশু বেঁধে কোরবানির পশুর হাট পরিচালনার জন্য নানা পরামর্শ প্রদান করেন। তিনি সকলের উদ্দেশে বলেন, ক্রেতা-বিক্রেতা উভয়কেই স্বাস্থ্যবিধি পালন করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং পশুর হাটে অবশ্যই হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, প্রতিটি হাটে পুলিশ বক্স, সিসি ক্যামেরা নিশ্চিত করাসহ মাইকিংয়ের ব্যবস্থা করে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি প্রচারণার ব্যবস্থা করার জন্য গুরুত্বারোপ করেন ও গরুর হাটে থাকা নারী উদ্যোক্তাকে উত্সাহ প্রদান করেন।
দুপুরে কাউনিয়া বটতলা গরুর হাটসহ পার্শ্ববর্তী হাটগুলো পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকারিয়া রহমান, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল হালিম, ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (উত্তর) এ এফ এম ফয়েজুর রহমানসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
