বস্তুনিষ্ঠ সংবাদের বিকাশ হোক ------------ শ ম রেজাউল করিম

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:১৭

করোনা পরিস্থিতিতে বরিশাল বিভাগের মূলধারার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সার্কিট হাউজে অনুষ্ঠানের মধ্যদিয়ে এই চেক বিতরণ করেন প্রধান অতিথি মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সাংবাদিকবান্ধব। এ জন্য দেশের অন্যান্য পেশার লোকদের মতো এই করোনার দুর্যোগ মোকাবিলায় সাংবাদিকদের কথা বিবেচনায় এনে আর্থিক সহায়তা দিচ্ছেন। আমরা চাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ হোক। আমি অপরাধ করলে লিখুন কিন্তু আমাকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দিতে হবে। এ সময় উপস্থিত বিভাগের বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও বরিশাল জেলার দেড়শ সাংবাদিককে প্রত্যেককে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এই অনুষ্ঠানের সহায়তায় ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়ন। চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য শেখ মামনুর রশিদ, সাংবাদিক-কর্মচারী ঐক্যপরিষদের সদস্য সচিব মতিউর রহমান তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি এস এম ইকবাল। সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সুশান্ত ঘোষ।