করোনা সার্টিফিকেট

স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে ২৫ যাত্রীর তথ্য আপলোড না হওয়ায় বিমানবন্দরে ভোগান্তি

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:১৭

স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে সিলেট বিভাগের ২৫ যাত্রীর করোনা সার্টিফিকেটসংক্রান্ত তথ্য যথাসময়ে আপলোড না হওয়ায় ঐসব যাত্রীকে হযরত শাহাজালাল (র.) বিমানবন্দরে ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ পাওয়া গেছে। একই কারণে বিমানবন্দরের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারাও ঝামেলায় পড়ে যান। কয়েক ঘণ্টা পরে বিমানবন্দরের ইমিগ্রেশনের পুলিশ সুপারের হস্তক্ষেপে একজন সহকারী স্বাস্থ্য কর্মকর্তার চেষ্টায় বিকল্প পথে করেনা সার্টিফিকেটের তথ্য যাচাই হলে ঐসব যাত্রীর গন্তব্য নিশ্চিত হয়।

জানা যায়, গত ২৮ জুলাই রাত ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-১২৭ ফ্লাইটের আবুধাবিগামী যাত্রীদের মধ্যে ২৫ জন যাত্রী সিলেট সিভিল সার্জন কার্যালয় থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যথাসময়ে হযরত শাহাজালাল (র.) বিমান বন্দরে পৌঁছে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ডেস্কে তাদের কাগজপত্র ভেরিফাই করার জন্য জমা দেন। কিছুক্ষণ পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সিলেট সিভিল সার্জন অফিস থেকে রিপোর্টগুলো তাদের ওয়েবসাইটে আপলোড হয়নি। তাই তারা যেতে পারবেন না। একপর্যায়ে সুনামগঞ্জ জেলার  মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের ছেলে আবুধাবি প্রবাসী যাত্রী ময়নুল হক সিলেট দক্ষিণ সুরমার দৈনিক ইত্তেফাক সংবাদদাতাকে মোবাইল ফোনে বিষয়টি জানালে ঐ সংবাদদাতা এ নিয়ে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দের সঙ্গে ফোনে কথা বলেন। কিন্তু তিনি বিষয়টির কোনো সুরাহা করতে না পারায় ইত্তেফাক সংবাদদাতা বিমানবন্দরের ইমিগ্রেশনের পুলিশ সুপারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। একপর্যায়ে  ইমিগ্রেশনের পুলিশ সুপার ঢাকা বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জহিরুল ইসলামকে বিষয়টি অবগত করলে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখায় যোগাযোগ করেন এবং বিকল্প পন্থায় সার্টিফিকেট চেক করে যাত্রীদের আবুধাবি যাওয়া নিশ্চিত করেন।