কালাইয়ে মসলার বাজার সরগরম!

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:২১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কালাইয়ে মসলার বাজার সরগরম হয়ে উঠেছে। কোরবানির পশু ক্রয়সহ অন্যান্য আনুষঙ্গিক বাজার শেষে সবাই এখন মসলার বাজারের দিকে মন দিয়েছেন। এরই মধ্যে ধুম পড়েছে মসলা বাজারে কেনাবেচার। অন্য বছরগুলোতে কোরবানির ঈদকে সামনে রেখে মসলার বাজার চড়া থাকলেও এবারের মসলা বাজার স্থিতিশীল। তবে পাইকার ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ বেশি এবং করোনা ভাইরাসের কারণে বাজারে ক্রেতা কম থাকায় কিছুটা কমে গেছে সবরকম মসলার দাম।

বুধবার সরেজমিনে উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে জানা গেছে, কোরবানিদাতারা হালাল পশু কেনার শেষ মুহূর্তে উপজেলার বিভিন্ন হাটবাজারে মসলা কিনছেন। নির্দিষ্ট মসলার দোকান ছাড়াও এই সুযোগে মৌসুমী ভ্রাম্যমাণ দোকানগুলোতেও গরম মসলা বিক্রি হচ্ছে। উপজেলার মাত্রাইহাটে মসলা বিক্রেতা রবিউল ও ফরিদুল বলেন, বাজারে সব জিনিসের দাম কম। কোনো কিছুর দাম বাড়তি নেই। কোরবানির বাজারে সব মসলাপণ্যের দাম কমেছে। আবার একই সঙ্গে নতুন পণ্যও বাজারে আসছে।

এখনো আগের মসলাগুলো অবিক্রীত রয়েছে। মসলা কিনতে আসা কালাইহাটে মো. মাহমুদুন নবী নাহিদ ও বেলাল হোসেন জানান, এই ঈদে সবকিছুর সঙ্গে থাকে কোরবানির গোশত। আর গোশত রান্না করতে অপরিহার্য হচ্ছে মসলা। ঈদের প্রস্তুতি প্রায় শেষ করেই তারা এখন মসলা কিনতে এসেছেন। তবে বেশির ভাগ মসলার দামই সহনশীল আছে বলে তারা জানান।