রাজশাহীতে ঈদের নামাজে মসজিদে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:২৬

আগামী এক আগস্ট উদ্যাপন হতে যাচ্ছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উত্সব ঈদুল আজহা। উত্সাহ-উদ্দীপনার মধ্যে ঈদ উদ্যাপন করতে এবারও ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। তবে এবারই প্রথম করোনা পরিস্থিতির মধ্যে মসজিদে সিসি ক্যামেরার নিরাপত্তায় ভিন্ন আবহে ঈদ উদ্যাপিত হবে। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মসজিদে যেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেখানে সিসি টিভি ক্যামেরা লাগানোসহ বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল। পরে এক তথ্য বিবরণীতে এসব সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানানো হয়। এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে এবারও ঈদগাহ বা খোলা ময়দানের পরিবর্তে কাছের মসজিদেই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত হবে। জেলার প্রধান ঈদের জামাতসহ সকল জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়। সকল মসজিদে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। নির্দেশনায় আরো বলা হয়, কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ ও বর্জ্য দ্রুত অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে ও নির্ধারিত জায়গায় কোরবানির পশু জবাই করতে হবে। ঈদের আগে আর কোথাও পশুর হাট বসানো যাবে না। জাল টাকা, অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর থেকে সাবধান থাকতে হবে। ঈদের আনন্দ প্রকাশ করতে কোনোভাবেই উচ্চৈঃস্বরে গান বাজানো ও দ্রুতগতিতে যানবাহন চালানো যাবে না। এছাড়া যে কোনো ধরনের গুজব থেকে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্যও জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।