খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় টাউন মসজিদে

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:২৭

খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে। একই স্থানে ঈদের দ্বিতীয় প্রধান ও শেষ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় কোর্ট জামে মসজিদে একটি ঈদের জামাত হবে। এছাড়া খুলনা আলিয়া মাদ্রাসা জামে মসজিদ, নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদ, রূপসা বায়তুশ শরফ জামে মসজিদ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা বায়তুল্লাহ জামে মসজিদ, খুবি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, কুয়েট কেন্দ্রীয় জামে মসজিদসহ খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার সব মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত আদায় করা হবে।

এদিকে, ঈদের দিন সকালে সব সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের পূর্বে নামানো হবে। হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণকেন্দ্র ও দুস্থ কল্যাণকেন্দ্রে ঈদ উপলক্ষ্যে বিশেষ খাবার পরিবেশন করা হবে।