রাণীনগরের বড়গাছা ইউনিয়নের বড়গাছা বাজারের একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ২১ বস্তা (৬৩০ কেজি) ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বড়গাছা বাজারের মোজ্জাফফর হোসেনের বাড়ি থেকে এই চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে মজুত রাখা হয়েছে। স্থানীয় রাসেল আহমেদ আশিক বলেন, ঐ বাড়িতে কেউ না থাকা এবং বাড়ির মালিক মোজ্জাফফর বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ার সুযোগে স্থানীয় চাল ব্যবসায়ী বড়গাছা গ্রামের বিমান সরকারি চাল ভোক্তাদের কাছ থেকে কিনে জোরপূর্বক মজুত করে রাখে।
ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন, আমাদের দায়িত্ব ভোক্তাদের কাছে চাল পৌঁছে দেওয়া। কিন্তু চাল নিয়ে যাওয়ার পর তারা সেই চাল কি করবে সেটা তাদের বিষয়। খবর পেয়ে আমরা চাল উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক জব্দ করে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, চালগুলো জব্দ করেছি। এর সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে। তবে বিমান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
