গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে ১৫ কাঠা সমপরিমাণ জমির গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মটমুড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে দুলাল হোসেনের জমি থেকে ২০০টি গাঁজা গাছ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, পুরাতন মটমুড়া গ্রামের দুলাল হোসেন তার বাড়িসংলগ্ন পতিত জমিতে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ১৫ কাঠা জমির চাষকৃত ২০০টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। এদিকে পুলিশের অভিযান টের পেয়ে গাঁজাচাষি দুলাল হোসেন পালিয়ে যায়। সহকারী পুলিশ সুপারের নির্দেশে দুলালের স্ত্রী শেফালী খাতুন, ছেলে শাকিল ও মেয়ে শিউলিকে পুলিশ হেফাজতে নিয়েছে।
